নুরুল আমিন, খুলনা
জুন ১৭, ২০২৬, ০৬:৩৫ পিএম
খুলনা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে প্রথমে সাধারণ কল্যাণ সভা এবং পরবর্তীতে লাউঞ্জ-২ তে অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
কল্যাণ সভার শুরুতেই বিগত মাসের সভায় উপস্থাপিত বিভিন্ন প্রস্তাবসমূহের সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এরপর মাঠ পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের পেশাগত দায়িত্ব পালনকালে উদ্ভূত নানা সমস্যা ও সমষ্টিগত দাবি-দাওয়া তুলে ধরেন। কেএমপি কমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলোর কথা শোনেন এবং বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এবারের কল্যাণ সভায় দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া ২ জন বাবুর্চি ও ১ জন পরিচ্ছন্নতাকর্মীকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। কেএমপি কমিশনার বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। একই সাথে, খুলনা মহানগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মে মাসে অপরাধ দমনে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভা সমাপ্ত হওয়ার পর দুপুর ১২টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের সঞ্চালনায় এই সভায় নগরীর প্রতিটি থানার অপরাধচিত্র, মামলা তদন্তের অগ্রগতি ও ওয়ারেন্ট তামিলসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান খুলনা মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দেন। মাদক উদ্ধার, কিশোর গ্যাং দমন, চুরি-ছিনতাই রোধ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তিনি উপস্থিত কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
আইনশৃঙ্খলার এই গুরুত্বপূর্ণ সভায় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেএইচআর