সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬, ০৬:২২ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো-রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ইস্রাফিল ও ওসমান গনি পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাদের সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে এরই মধ্যে দুই শিশু নদীর পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান শুরু করে।
দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যমুনার তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
এম জি