মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
জুন ২১, ২০২৬, ০৬:৩৭ পিএম
অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল ১০টায় রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই কাঠ জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করে বিজিবি রাঙ্গামাটি ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরকল উপজেলার ছোট হরিণা বাজার ঘাট এলাকায় বিজিবি ১২ ব্যাটালিয়নের মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাজার ঘাট এলাকায় সেগুন কাঠ ফেলে পালিয়ে যায় অবৈধ পাচারকারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩২ ঘনফুট কাঠ জব্দ করেন বিজিবি সদস্যরা, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা।
রাঙ্গামাটির বরকল ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সীমান্তে অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে বিজিবি। দেশের সম্পদ রক্ষায় বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর