কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)
জুলাই ৮, ২০২৬, ০৮:৩৪ পিএম
কুড়িগ্রামের উলিপুরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- স্বামী আবু সাঈদ (৭১) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)। এই দম্পতির ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে। একই সাথে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু সাঈদ ঘরে খেতে বসেছিলেন। সম্প্রতি ঝড়-বৃষ্টির কারণে প্রতিবেশীর বাড়ির একটি সচল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সকলের অগোচরে সেই তারটি আবু সাঈদের বাড়ির টিনের বেড়ার সাথে লেগে পুরো বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়, যা আগে থেকে কেউ টের পাননি।
স্বামীকে খেতে দিয়ে স্ত্রী রাবেয়া বেগম টিউবওয়েল থেকে পানি আনতে বের হন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গেলে তিনি ভারসাম্য রাখতে টিনের বেড়ায় হাত দেন। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার করে ওঠেন। স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে দ্রুত ছুটে আসেন স্বামী আবু সাঈদ। তিনি রাবেয়া বেগমকে বাঁচাতে গিয়ে তাঁর শরীর স্পর্শ করার সাথে সাথে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ওখানেই দুজনে মারা যান। পরে প্রতিবেশীরা এসে তাঁদের নিথর দেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান জানান, বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের লাইন টিনের বেড়ার সাথে যুক্ত হয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, ঝড়-বৃষ্টির পর কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখলে নিজে হাত না দিয়ে দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তা মেরামত করা উচিত।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জেএইচআর