রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
জুলাই ৯, ২০২৬, ১২:২৬ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যাই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
বুধবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন পাভেল মার্কেটের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’-এর লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাটুকারিতা পরিহারের তাগিদ দিয়ে সারজিস আলম বলেন, আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।
কিছু রাজনৈতিক মহলের সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, উপরে উপরে জাতীয়তাবাদের কথা বলে ভেতরে ভেতরে কেউ ভারতের সঙ্গে, আবার কেউ অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে দেশের স্বার্থ ক্ষুণ্ন করছে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের বিদেশমুখী বা স্বার্থবিরোধী রাজনীতি মেনে নেবে না। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা এনসিপির সদস্য মেহেদী হাসান বিন ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং কালিহাতী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাসেল মিয়া।
সমাবেশ শেষে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের’ দাবিতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়।
জেএইচআর