আমার সংবাদ ডেস্ক
জুলাই ৮, ২০২৬, ০৯:৪৫ পিএম
ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের একই ধরনের সিদ্ধান্তের কথা জানান।
বুধবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পৃথক পোস্টে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তাঁরা উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির মুখে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার মূল দাবিদারদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবদুল্লাহ আল জাবের তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ ওসমান হাদী শাহাদাতবরণের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে তা সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশ সংক্রান্ত বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে।
তিনি আরও উল্লেখ করেন, আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে এবং তাঁর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ওই হিসাব ব্যতীত তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে। একই সাথে তিনি ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন এগিয়ে নিতে সবার দোয়া কামনা করেন।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা তাঁর পোস্টে বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থি সংস্কৃতির স্বার্থে ইনকিলাবে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সাথে সাথে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশ করতে শুরু করলে তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জুমা জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ওয়ারিশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে চরম মানসিক চাপে পড়েন।
তিনি পোস্টে লেখেন, "আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তাঁর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" জুমা আরও জানান, তাঁর দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে এবং ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা অব্যাহত রেখে অন্য কোনো মাধ্যমে তাঁদের এই সংগ্রাম চলবে।
জেএইচআর