ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

টইটুম্বুর কাপ্তাই লেকে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন, সচল সব ইউনিট

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুলাই ১১, ২০২৬, ১০:৫৪ এএম

টইটুম্বুর কাপ্তাই লেকে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন, সচল সব ইউনিট
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটুম্বুর কাপ্তাই লেক। শুক্রবার দুপুরে কাপ্তাই জেটিঘাট-সংলগ্ন এলাকা থেকে তোলা ছবি।

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেক এখন টইটুম্বুর। লেকের যেদিকে চোখ যায়, সেদিকে শুধু পানি আর পানি। লেকে পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় পানিনির্ভর কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) সবকটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু করা হয়েছে। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে গত জুন মাস পর্যন্ত কেন্দ্রটির মাত্র ১ থেকে ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে চলতি মাসে টানা বর্ষণের কারণে কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির ৫টি ইউনিট একযোগে চালু করা হয়। ওই দিন পাঁচটি ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটির ৫টি ইউনিট থেকে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

তিনি জানান, ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির স্তর ছিল ৯০ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানির স্তর থাকার কথা ৮৫ দশমিক ৪৪ ফুট মিন সি লেভেল। অর্থাৎ বর্তমানে লেকে নির্ধারিত মাত্রার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি পানি রয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

এএন

Link copied!