মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
জুলাই ১৪, ২০২৬, ০৩:১৮ পিএম
পঞ্চগড়ের বোদায় বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই প্রতিবেশী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলামকে (৪৫) সোমবার রাতে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। এ বিষয়ে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছয় বছর বয়সী এক শিশুকে বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আমিনুল। ঘটনাটি কাউকে না জানাতে এবং কান্নাকাটি না করতে শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার দুদিন পর একই কায়দায় আরেকটি পাঁচ বছর বয়সী শিশুকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে সে। পরে দ্বিতীয় শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে বোদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের সহযোগিতায় ২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী এক শিশুর চাচী জানান, শিশুদের কান্নাকাটি করতে দেখে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বড় শিশুটি ভয়ে শুধু কাঁদছিল এবং ছোট শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান জানান, গত রাতে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। শিশু দুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
জেএইচআর