ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফরিদগঞ্জ পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফরিদগঞ্জ পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে

সারাদেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন অসংগতি দূর করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক অবরোধ করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা যায়, বুধবারের এইচএসসি পরীক্ষা শেষে দুই থেকে তিনটি কলেজের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে দেশজুড়ে জলাবদ্ধতা, টানা বৃষ্টিপাত, কর্দমাক্ত সড়ক থাকা সত্ত্বেও পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রে ভুল, দূরবর্তী পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এবং শিক্ষকদের একাংশের অসদাচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ, পুলিশের সদস্যরা এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন। পরে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে শামীম হৃদয়, নাহিদ, আহসান জুবায়ের, শাহিন ও শিহাব বলেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেন্দ্র পরিবর্তন, শিক্ষকদের দুর্ব্যবহারের প্রতিকারসহ ৬ দফা দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা কয়েকটি সুনির্দিষ্ট দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরে তারা লিখিতভাবে একটি স্মারকলিপি জমা দিয়েছে, যা গুরুত্বের সঙ্গে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তাদের সড়ক ছেড়ে দিয়ে আগামী পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এম জি

Link copied!