ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জাতীয় স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর অনুদান পেল রুয়েটের স্টার্টআপ ‘চর্চা’

হাফিজ শাহরিয়ার, রুয়েট

হাফিজ শাহরিয়ার, রুয়েট

জুলাই ১৫, ২০২৬, ০৫:৪৯ পিএম

জাতীয় স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর অনুদান পেল রুয়েটের স্টার্টআপ ‘চর্চা’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা শিক্ষাপ্রযুক্তিভিত্তিক (এডটেক) স্টার্টআপ ‘চর্চা’ জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় ১০ লাখ টাকার অনুদান অর্জন করেছে। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং সম্ভাবনাময় স্টার্টআপকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি চর্চার প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেহান আসিফ বলেন, ‘চর্চাসহ এখানে অংশ নেওয়া স্টার্টআপগুলোর চ্যালেঞ্জ ভিন্ন ধরনের। এসব সমস্যা সমাধানে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি। আশা করি, এসব পদক্ষেপ তাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে।’

এ বছরের প্রতিযোগিতায় সারা দেশ থেকে মাত্র ছয়টি স্টার্টআপ ১০ লাখ টাকার অনুদান লাভ করে। পাশাপাশি ১৫টি স্টার্টআপ তাদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য স্টল স্থাপনের সুযোগ পায় এবং মাত্র চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে নিজেদের সফলতার গল্প তুলে ধরার সুযোগ অর্জন করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘চর্চা’ই ছিল একমাত্র স্টার্টআপ, যা স্টল প্রদর্শন, অনুদান অর্জন এবং জাতীয় মঞ্চে সফলতার গল্প উপস্থাপন—এই তিনটি বিভাগেই নির্বাচিত হয়ে অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে।

২০২১ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় অনুশীলনের সীমাবদ্ধতা উপলব্ধি করে রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম ‘চর্চা’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরে তাঁর সহপাঠী নাফিস রায়হান পিয়াল বিপণন বিভাগের প্রধান এবং বন্ধু আসাদুল্লাহ আল তাবির পরিচালন বিভাগের প্রধান হিসেবে এ উদ্যোগে যুক্ত হন।

বর্তমানে রাজশাহী থেকেই ৫০ জনের বেশি সদস্যের একটি দল প্ল্যাটফর্মটির গবেষণা, উন্নয়ন ও পরিচালনার কাজ করছে।

‘চর্চা’ বাংলাদেশের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক স্বশিক্ষণ প্ল্যাটফর্ম। এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি এ প্ল্যাটফর্মে রয়েছে ৩০ লাখের বেশি প্রশ্ন, সীমাহীন মডেল পরীক্ষা, সরাসরি অনুশীলনী পরীক্ষা, তাৎক্ষণিক প্রতিযোগিতা, ব্যক্তিগত অগ্রগতি বিশ্লেষণ, মেধাতালিকা, ধারাবাহিক অনুশীলন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ শিক্ষাসহায়ক সুবিধা।

সম্প্রতি চালু হওয়া ‘চর্চা এআই’ শিক্ষার্থীদের পাঠ্যবই ও তথ্যভান্ডারের ভিত্তিতে তথ্যসূত্রসহ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের দুর্বলতা বিশ্লেষণ করে ব্যক্তিকেন্দ্রিক অনুশীলনের পরামর্শ দিচ্ছে।

প্রকাশের পর থেকেই ‘চর্চা’ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে অ্যাপটির স্থাপনসংখ্যা ১৫ লাখের বেশি। মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫ লাখেরও বেশি এবং প্রতি মাসে ২০ লাখের বেশি মডেল পরীক্ষায় অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে। দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে এটি ইতোমধ্যে লাখো শিক্ষার্থীর আস্থা অর্জন করেছে।

চর্চার প্রতিষ্ঠাতারা জানান, তাঁদের লক্ষ্য শুধু পরীক্ষাভিত্তিক একটি অ্যাপ তৈরি করা নয়; বরং প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও সাশ্রয়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কার্যকর দৈনন্দিন শিক্ষাসঙ্গী তৈরি করা। ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে।

রুয়েট শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিনির্ভর গবেষণা এবং স্টার্টআপ সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি ভবিষ্যতে রুয়েটের আরও শিক্ষার্থীকে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করবে।

এম জি

Link copied!