ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

জুলাই ১৫, ২০২৬, ০৫:৫৩ পিএম

পীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া মৌজায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রতিকার চেয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও গণপিটিশন জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেনুয়া গ্রামের মোল্লার পুকুরের পশ্চিম পাশে সেনুয়া থেকে কাচনডুমুরিয়া মৌজায় যাতায়াতের একটি বাইপাস সড়ক রয়েছে। স্থানীয়দের দাবি, এটি সিএস ও বিএস (বিআরএস) রেকর্ডভুক্ত সরকারি রাস্তা।

স্থানীয় বাসিন্দা মৃত ইব্রাহিমের ছেলে মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করেন, একই গ্রামের বাবুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা সরকারি রাস্তার একটি অংশ দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে সেখানে পিলার বসিয়ে প্রাচীর নির্মাণের কাজও চলছে বলে অভিযোগ রয়েছে।

গ্রামবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ওই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু রাস্তার জায়গা দখল করে নির্মাণকাজ করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া ওই স্থানে বাবুল ইসলামের রান্নাঘর ও বাথরুম নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। রাস্তার জায়গায় চার থেকে পাঁচটি বড় ইউক্যালিপটাস গাছও রয়েছে।

অভিযোগকারী সিরাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বাবুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বাবুল ইসলামের পরিবারের সদস্য রফিক মিয়া মুঠোফোনে বলেন, “রাস্তার ওপর বাড়ি নির্মাণ করেছি কি না, সেটা সরকার আর আমরা বুঝব।”

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আব্দুল্লাহিল কাফি ঘটনাস্থল পরিদর্শন করে পিলার ও প্রাচীর নির্মাণ না করার নির্দেশ দেন। পরে এলাকাবাসীর গণপিটিশনের পর তিনি আবার ঘটনাস্থলে গিয়ে সার্ভেয়ার না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এর আগে কৃষক সিরাজুল ইসলাম ভোমরাদহ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় তিনি স্থানীয় কয়েকজনের স্বাক্ষর নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গণপিটিশন দাখিল করেন।

এ বিষয়ে ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বর্তমান আবহাওয়া অনুকূলে না থাকায় আপাতত কোনো সালিশ করা হচ্ছে না। তাছাড়া এটি ভূমি-সংক্রান্ত বিষয়। তাই প্রশাসনই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুমে রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানি চলাচলে বাধা সৃষ্টি হলে আশপাশের কৃষিজমির ক্ষতি হতে পারে।

তবে বাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারি রেকর্ডভুক্ত রাস্তার ওপর কোনো নির্মাণকাজ করছেন না।

পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইসফাকুল ইসলাম বলেন, সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভূমি অফিস থেকে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!