ফারুক হোসেন, দিনাজপুর
জুলাই ১৫, ২০২৬, ০৪:৩৪ পিএম
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তি পর্যায়ের অনুদানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে ৩৪টি উন্নয়ন প্রকল্পের জন্য মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিনিধিদের হাতে তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের স্বার্থে সবাইকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
চেকপ্রাপ্তদের উদ্দেশে মোফাজ্জল হোসেন দুলাল বলেন, অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি করা হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মিলনায়তনেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।
এম জি