ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পশ্চিম আমবৌলা মাদক নির্মূল কমিটি গঠন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০১:৪৭ পিএম

পশ্চিম আমবৌলা মাদক নির্মূল কমিটি গঠন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম আমবৌলা গ্রামে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ‘পশ্চিম আমবৌলা মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়েছে। ‘আমার গ্রাম, আমার গর্ব, মাদকমুক্ত পশ্চিম আমবৌলা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জনসচেতনতামূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ সভায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মনসুর আলী গাজী। উপস্থিত এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় রকিবুল ইসলাম গাজীকে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল ইসলাম চৌধুরী, সোহান গাজী, সাজ্জাদ গাজী, সুজন গাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, যারা বর্তমানে মাদক সেবন করেন বা কোনোভাবে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য এখনো সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। তিনি সবাইকে মাদকের পথ পরিহার করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।

সভায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সন্ধ্যার পর কেরাম বোর্ড বা অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় না করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন থাকার অনুরোধ করা হয়, যাতে তারা কোনোভাবেই মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে।

বক্তারা বলেন, পশ্চিম আমবৌলাকে মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সন্দেহভাজন মাদক কারবারিদের বিষয়ে প্রশাসনকে তথ্য প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।

সভার শেষে উপস্থিত সবাই পশ্চিম আমবৌলাকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার শপথ নেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

এম জি

Link copied!