অক্টোবর ১৬, ২০২২, ০৬:৫৭ পিএম
আদালত থেকে পর্ষদ গঠনের অনুমতি পেয়ে এবার মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিতে যাচ্ছে দেশীয় জীবন বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোম্পানির পক্ষে বলা হয়েছে, যেকোন সরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি বা বেসরকারি এনএসইউ বা আইইউবি বা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ব্যবসা, অর্থনীতি, আইন ও পরিসংখ্যান ইত্যাদি যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারীরা মুখ্য নির্বাহী পদে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
এ ছাড়াও ইনস্টিটিউট এন্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিস, ইউকে’র ফেলো বা এসোসিয়েট মেম্বার অথবা সোসাইটি অব একচ্যুয়ারিস, ইউএসএ অথবা চার্টার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট অব ইউকে (লাইফ), এফএলএমআই অথবা আইসিএবি বা সিএফএ’র ফেলো বা এসোসিয়েট হতে হবে।
পাশাপাশি প্রার্থীকে বীমা আইন অনুসারে যেকোন লাইফ বীমা কোম্পানিতে ১৫ বছরের কাজ করার এবং বীমা কোম্পানির সাংগঠনিক কাঠামো অনুসারে দ্বিতীয় সর্বোচ্চ পদ হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক অথবা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর কর্ম অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে লাইফ বীমার অবলিখন, দাবি, পুনর্বীমা, প্রোডাক্ট ব্যবস্থাপনা, প্রোডাক্ট প্রাইসিং ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। একইসঙ্গে আবেদনকারীকে কম্পিউটার পরিচালনা এবং ইংরেজিতে দক্ষ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নিকট সিভিসহ আবেদন পাঠাতে বলা হয়েছে। সংক্ষিপ্ত তালিকায় প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।
টিএইচ
