নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৭ পিএম
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ৩৬০ ডিগ্রি ভিত্তিক অর্থায়ন ও সহায়তা কার্যক্রম জোরদারে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ সমঝোতার আওতায় বিজট্রেড ভেঞ্চারস কমিউনিটি ব্যাংকের কৌশলগত পরামর্শক ও ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করবে।
এ সহযোগিতার মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতকে সব দিক থেকে সহায়তা প্রদান করা। এর মধ্যে রয়েছে অর্থায়নের ব্যবস্থা, প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও পরামর্শ সেবা, বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপন, ব্যবসা পরিবর্ধন এবং ঋণ ব্যবস্থা সহজীকরণ।
বিজট্রেড তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ঋণ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।
কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মাহবুব হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও মো. তানজিম মোর্শেদ ভূইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম, শেখ পারভেজ মারেকার, হেড অব এসএমই হোসেন আল সাফীর চৌধুরী, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন এবং হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
এ ছাড়া বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আতিকুর রহমান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শরীফ পাটওয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ