আমার সংবাদ ডেস্ক
মে ১, ২০২৬, ১২:২৯ পিএম
ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির সকালে বাজার করতে বের হওয়া সাধারণ মানুষকে এতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
পানি জমে যাওয়ায় অনেকেই কষ্ট করে ময়লা পানি মাড়িয়ে বাজারে পৌঁছালেও দামে কোনো স্বস্তি পাননি। বরং বাজারে সবজির দাম বেশ চড়া থাকায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ টাকার ওপরে উঠে গেছে।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দামও কম নয়-প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা।
এ ছাড়াও অন্যান্য সবজির দামও বেশি। টমেটো ৬০, বরবটি ৮০ টাকা, পটোল ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা, করলা ৮০ টাকা এবং একটি লাউ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টি) ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এই উচ্চমূল্যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়ে যাচ্ছে।
শ্যামলীর বাসিন্দা সোহান গাজী বলেন, ভোরের বৃষ্টিতে রাস্তায় পানি জমে হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে। কষ্ট করে বাজারে গিয়েও দামে স্বস্তি নেই। তিনি জানান, এক কেজি বেগুন কিনতেই তার ১৪০ টাকা খরচ হয়েছে।
মোহাম্মদপুরের এক সবজি বিক্রেতা আব্দুল হালিম জানান, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। রাস্তার অবস্থা খারাপ থাকায় পরিবহন খরচও বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। তিনি আশঙ্কা করেন, বৃষ্টি অব্যাহত থাকলে সামনে সবজির দাম আরও বাড়তে পারে, কারণ অনেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, সারা দেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।
এম জি