নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৪, ০৮:১৫ পিএম
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।
নীতিমালা থেকে জানা গেছে, সরকার যে কোনো সময় যে কোনো শিক্ষক কর্মকর্তাকে পদায়ন করতে পারবে। প্রতি শিক্ষাবর্ষে অক্টোবর মাসে বদলির আবেদন করতে পারবে। এ সময় সীমার বাহিরে বদলি আবেদন করা যাবে না। তবে অনিবার্য পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বা সিনিয়র সচিব বরাবর আবেদন করা যাবে।
আবেদনের শর্ত: বর্তমান কর্মস্থলে চাকরিকাল ৩ বছর পূর্ণ হইতে হবে।
আবেদন বিবেচনায় অনুসরণীয় বিষয়:
অর্গানোগ্রাম অনুযায়ী বিষয় ভিত্তিক সহকারী শিক্ষকের শূন্যপদের বিপরীতে অন্য বিষয়ের শিক্ষক বদলি বা পদায়ন করা যাইবে না। এ উল্লিখিত সময় এবং শর্তের বাইরে কাউকে বদলি করা যাইবে না। তবে সরকার উপযুক্ত মনে করলে যে কোনো শিক্ষক বা কর্মকর্তাকে যে কোনো সময় কোনো রকম শর্ত ব্যতিরেকে বদলি বা পদায়ন করিতে পারিবে। বদলির ক্ষেত্রে আবেদনকারীর নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পদায়নের বিষয়ে গুরুত্ব প্রদান করিতে হইবে। স্বামী বা স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী হইলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে অথবা নিকটবর্তী কর্মস্থলে বদলি বা পদায়ন অগ্রাধিকার পাইবে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোনো শিক্ষক বা কর্মচারী অবসরভাতা গ্রহণের সুবিধার্থে কোনো সুবিধাজনক কর্মস্থলে বদলির আবেদন করিলে তাহার আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করিতে হইবে। এ ধরনের বদলির ক্ষেত্রে ৩ বছর পূর্ণ হওয়ার প্রয়োজন নেই।
মহানগরী ও জেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল এন্ড কলেজে কর্মরত কোনো শিক্ষকের কর্মকাল একই প্রতিষ্ঠানে একাধারে ৬ বছরের অধিক হইলে তাহাকে তাহার নিজ জেলায় অথবা কর্মস্থলের পার্শ্ববর্তী জেলায় বদলি করা যাইবে। তবে, তাহার বিরুদ্ধে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি অথবা অন্য কোনোরূপ অভিযোগ উত্থাপিত হইলে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তাহাকে অন্যত্র বদলি বা পদায়ন করিতে পারিবে।
সমতলের কোনো শিক্ষক বা কর্মকর্তাকে পার্বত্য অঞ্চল (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) এবং দুর্গম, চর ও হাওড় অঞ্চলে বদলি করা হইলে বদলিকৃত কর্মস্থলে এক বছর চাকরির পর তিনি পুনরায় বদলির জন আবেদন করিতে পারিবেন। এ ক্ষেত্রে তাহার আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করিতে হইবে।
প্রেষণে নিয়োগ/ ভারপ্রাপ্ত দায়িত্ব/ চলতি দায়িত্ব/ অতিরিক্ত দায়িত্ব/ সংযুক্ত/সমবেতন গ্রেডে পদায়ন সংক্রান্ত:
কোনো শিক্ষক বা কর্মকর্তাকে বিশেষ কোনো প্রয়োজনে প্রেষণে নিয়োগ বা ভারপ্রাপ্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব বা সংযুক্ত বা সমবেতন গ্রেডে পদায়নের প্রয়োজন হইলে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করবে। এইক্ষেত্রে মন্ত্রণালয় প্রস্তাব বিবেচনাপূর্বক যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ আদেশ প্রদান করবে।
নাঈমুল/ইএইচ