আমার সংবাদ ডেস্ক
মে ৬, ২০২৬, ০৬:৩২ পিএম
দেশে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে নীতিগত উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, এই মূল্যবোধগুলোকে কীভাবে কার্যকরভাবে উন্নত করা যায়, সে বিষয়ে সরকার ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি এবং স্নাতক পর্যায় পর্যন্ত সারা দেশে বিএনসিসি কার্যক্রম সম্প্রসারণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যে বিএনসিসিকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে “আনন্দের সঙ্গে শিক্ষা” ধারণা বাস্তবায়িত হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যেন ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে এবং বাস্তব জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধনির্ভর, নীতিনিষ্ঠ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে বিকশিত হয়। এ লক্ষ্যে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব বাড়ানো হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট ও রোভারসহ বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্ল্যাটফর্মকে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
এম জি