আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৬, ০৯:১৯ পিএম
চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশ্যে চীনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।
সফরে যাওয়ার আগে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য সফরের সাফল্য কামনা করেন এবং প্রতিনিধি দলের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের জন্য শুভকামনা জানান।
প্রতিনিধি দলে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালনকারী নেতারা। তাদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ মোট ১৫ জন অংশ নিয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংগঠন, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন করবে। পাশাপাশি তারা দেশটির ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক-রাজনৈতিক স্থানসমূহও ঘুরে দেখবেন।
এএন