আমার সংবাদ ডেস্ক
জুলাই ২, ২০২৬, ১০:১৬ এএম
সারাদেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে পৃথক প্রশ্নপত্রে।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সব কেন্দ্রে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি এবারই প্রথম দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ‘বডি-ওর্ন’ (শরীরে পরিহিত) ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি)-এর বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। সারাদেশে মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এইচএসসিতে মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। এরপর ১৫ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরীক্ষা চলাকালীন সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরায় তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে।
জেএইচআর