আমার সংবাদ ডেস্ক
জুলাই ১০, ২০২৬, ০৫:২৮ পিএম
আগামী আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সাধারণ ছুটি, সাপ্তাহিক ছুটি এবং মাঝের দুটি কর্মদিবসে ছুটি সমন্বয় করলে মোট আট দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
প্রথম দফার দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে। ৫ আগস্ট বুধবার এ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
একইভাবে মাসের শেষ সপ্তাহেও রয়েছে আরও একটি সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।
এভাবে আগস্ট মাসে মাত্র দুই কর্মদিবসে ছুটি গ্রহণ করেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। প্রতিবছরের মতো এবারও সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেক চাকরিজীবী মাঝের এক বা দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের পরিকল্পনা করতে পারবেন।
এম জি