আমার সংবাদ ডেস্ক
জুলাই ১০, ২০২৬, ০৫:৪৪ পিএম
নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান এই বৃষ্টিপাত আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার বা তার বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
টানা ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
জেএইচআর