আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১০, ২০২৬, ০৪:০৯ পিএম
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও তীব্র অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার দাবি, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে এবং দলের নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাতে বিজেপি ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিতে বিজেপি কোনো ধরনের চেষ্টা বাদ রাখেনি। তিনি বলেন, ‘তৃণমূলকে শেষ করতে হলে, অথবা আমাকে চুপ করাতে হলে, আমাকে প্রাণে মেরে ফেলতে হবে।’
তিনি অভিযোগ করেন, তার দলের একাধিক শীর্ষ নেতা হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ প্রসঙ্গে মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জীর নাম উল্লেখ করে মমতা বলেন, ‘কার ওপর আপনারা হামলা করেননি? মহুয়ার ওপর হামলা করেছেন, অভিষেক ও কল্যাণের ওপর হামলা করেছেন। এমনকি আমার বাড়িতেও হামলা করেছেন।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন সময় মমতা এসব অভিযোগ তুললেন, যখন প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি সরকারি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজে ডিমের পরিবর্তে নিরামিষ বিকল্প চালুর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন মমতা। তার অভিযোগ, জনগণের মৌলিক প্রয়োজনের বিষয়গুলো উপেক্ষা করে সরকার রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত।
তিনি বলেন, ‘স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজে ডিম দেওয়া হচ্ছে না। অথচ সরকার এসব অদ্ভুত বিষয় নিয়েই ব্যস্ত। এটি কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনো পুলিশকে এ ধরনের কাজে ব্যবহার করিনি।’
এম জি