আমার সংবাদ ডেস্ক
জুলাই ৬, ২০২৬, ০৫:২১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসরণে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে একটি ব্যক্তিগত উদ্যোগের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি যা বলবেন, তা মানা বা না মানা সম্পূর্ণ মন্ত্রীদের নিজস্ব সিদ্ধান্ত। এরপর তিনি নিজের বেতন থেকে নিয়মিত ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি সবার সামনে তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দিতেন। সেই অর্থ গরিব-দুঃখী মানুষের সহায়তা কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনীয় কাজে ব্যয় করা হতো। সেই অনুশীলন থেকেই তিনি নিজেও একই উদ্যোগ গ্রহণ করেছেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বৈঠকে আরও বলেন, তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। সেই হিসেবে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা তিনি নিজের বেতন থেকে সরকারি হিসাবে জমা দেন। বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর তিনি সেই অর্থ তুলে সরকারি অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পাঠিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, কেউ যদি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তাদের পক্ষে সম্ভব হয়, তাহলে তারাও যেন প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই প্রস্তাব শুনে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, সবাই ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এবং প্রধানমন্ত্রীর এমন বিনয়ী ও স্বতঃস্ফূর্ত আহ্বানে সন্তোষ প্রকাশ করেছেন।
এএন