আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১০, ২০২৬, ০৮:৪৩ পিএম
জাতীয় সংসদে প্রবল বিরোধিতার মুখেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়েছে। এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।
শুক্রবার সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
বিলটি পাসের ঘোষণা আসার পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে এর বিরোধিতা করেন। তিনি তাঁর বক্তব্যে জানান, গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের যৌক্তিক দাবি ও আপত্তি উপেক্ষা করে বিলটি পাস করা হয়েছে, যার প্রতিবাদে তাঁরা অধিবেশনে আর অংশ নেবেন না।
ঘোষণা শেষে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ কক্ষ ত্যাগ করেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও জনমতের তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে এই বিলটি পাস করা হয়েছে। এই ঘটনার পর সংসদে উপস্থিত সরকারি দলের সদস্যদের মধ্যে কিছুটা শোরগোল দেখা দিলেও অধিবেশনের পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিভিন্ন বিল পাস নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। আজকের এই ওয়াকআউট সেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংসদীয় বিশ্লেষকরা।
জেএইচআর