আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৬, ০১:২৭ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দেশের প্রেসক্রিপশনে এ দেশের মানুষ আর চলবে না।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে। যেসব এলাকার সঙ্গে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সম্পর্ক রয়েছে, সেসব এলাকায় বেশি উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় কি উন্নয়ন হবে না?
বগুড়াকে সিটি করপোরেশন করা এবং আরও পাঁচটি উপজেলা গঠনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব সিদ্ধান্তের বিরোধিতা নয়, তবে উন্নয়নের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ন্যায়বিচারের বদলে অনিয়ম ও বৈষম্য তৈরি হচ্ছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অনেক মানুষ জীবন দিয়েছে, সেই ত্যাগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে আবারও বৈষম্যের সমাজ গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার সংকুচিত করা গণতন্ত্রের কাজ নয়। সব ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং দেশের মানুষকে বাইরের কোনো প্রভাব বা চাপের মধ্যে পরিচালিত করা যাবে না।
রেল যোগাযোগের উন্নয়ন নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বিশ্বে রেল যোগাযোগ উন্নতির শিখরে পৌঁছালেও দেশে দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
এম জি