স্পোর্টস ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ০৪:৩৩ পিএম
চলচ্চিত্রের দর্শক কমে যাওয়ায় প্রেক্ষাগৃহে নতুন মাত্রা যোগ করেছে নীলফামারীর সৈয়দপুরের তামান্না সিনেমা হল। রূপালি পর্দায় সিনেমার বদলে এবার বিশাল ডিজিটাল স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে হল কর্তৃপক্ষ। এই উদ্যোগ ঘিরে ইতোমধ্যেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আগামীকাল রোববার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বড় পর্দায় সরাসরি দেখানো হবে। ম্যাচটি ঘিরে সৈয়দপুরসহ আশপাশের এলাকার সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
তামান্না সিনেমা হলের স্বত্বাধিকারী মাহবুব আলী ঝন্টু জানান, একসময় নীলফামারী জেলায় ২৩টি (মতান্তরে ২৭টি) সিনেমা হল চালু ছিল। সময়ের পরিবর্তন ও ব্যবসায়িক মন্দার কারণে একে একে প্রায় সব হল বন্ধ হয়ে যায়। অনেক প্রেক্ষাগৃহ ভেঙে সেখানে আবাসিক ভবন কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। বর্তমানে নানা প্রতিকূলতার মধ্যেও জেলার একমাত্র সচল সিনেমা হল হিসেবে তামান্না হল পরিচালনা করে আসছেন তিনি।
তিনি বলেন, বর্ষাকালে টানা বৃষ্টির কারণে খোলা জায়গা বা অস্থায়ী জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা অনেক দর্শকের জন্য কষ্টকর হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।
এর আগে ৭ জুলাই অনুষ্ঠিত মিসর-আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচও এই প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছিল। সেই ম্যাচে দর্শকদের ব্যাপক সাড়া ও উপচে পড়া ভিড় দেখা যায়। হল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের কোয়ার্টার ফাইনালেও ভালো দর্শক উপস্থিতি থাকলে বিশ্বকাপের বাকি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও একইভাবে বড় পর্দায় দেখানো হবে।
ম্যাচকে ঘিরে শহরজুড়ে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের মূল্যও রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যে। হলের ব্যালকনি শ্রেণির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শোভন শ্রেণির টিকিট ৩০ টাকা। অল্প খরচে এসি পরিবেশে বড় পর্দায় বিশ্বকাপের উত্তেজনা উপভোগের এই সুযোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
এএন