স্পোর্টস ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ০৫:১৬ পিএম
৩৯ বছর বয়সের কাছাকাছি পৌঁছেও লিওনেল মেসির পারফরম্যান্সে নেই কোনো ছন্দপতন। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই মহাতারকা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে মেসির ভবিষ্যৎ ও অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির ভাষ্য, মেসি কতদিন খেলবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের। তবে তিনি বিশ্বাস করেন, যতদিন মেসি মাঠে নামতে চাইবেন, ততদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবেই নিজের অবস্থান ধরে রাখবেন।
রোববার (১২ জুলাই) সকালে কানসাস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বর্তমান পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। তার মতে, যারা মেসিকে কাছ থেকে চেনেন না, শুধু তারাই হয়তো ভেবেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খেলায় প্রভাব পড়বে।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি—লিও যতদিন খেলতে চাইবে, ততদিন বিশ্বের সেরা খেলোয়াড়ই থাকবে। আমি শুধু আর্জেন্টিনার কোচ হিসেবে নয়, একজন ফুটবলপ্রেমী হিসেবেও একই কথা বলব।’
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত তিনি ৮টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন। পাশাপাশি একটি গোলেও সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি।
বয়স বাড়লেও মেসির শারীরিক সক্ষমতা নিয়ে কোনো উদ্বেগ দেখছেন না স্কালোনি। তিনি জানান, ফিটনেস কোচের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রমের ফলই এখন মাঠে দেখা যাচ্ছে। তার ভাষায়, মেসি প্রায় প্রতিটি ম্যাচেই একই তীব্রতায় দৌড়ায় এবং প্রতিপক্ষের রক্ষণে সামান্য সুযোগ পেলেই ভয়ংকর হয়ে ওঠে। সবসময় নিজের সেরাটা দেওয়ার মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে কাগজে-কলমে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মনে করা হলেও, স্কালোনি কোনো ধরনের আত্মতুষ্টিতে বিশ্বাসী নন। তিনি বলেন, ফুটবলে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। সুইজারল্যান্ড অত্যন্ত সংগঠিত ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল। বিশ্বের বড় বড় দলের বিপক্ষেও তারা সমানতালে লড়াই করতে পারে। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কঠিন একটি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।
এএন