জিয়া উদ্দিন
জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:১৮ পিএম
জন্মেছি একা নিরালায় নিমগ্নতায়,
মহুয়া বনের ফুলের সুবাসে
আর দখিনা হাওয়ার হিমেল পরশে।
মায়ের জরায়ুতে শুয়ে,
মায়ের মধুর কণ্ঠের
কোরআনের বাণী শুনে
সবক নিয়েছিলাম মানুষ হওয়ার।
যে মানুষ
মিথ্যার মিথিলা বাতাসে ভাসে না,
দানবের তাণ্ডব নৃত্যে নাচে না,
রোদে পোড়া, বৃষ্টি-ভেজা
মেঠো মানুষের
শ্রমঘামে গড়া ভিটেমাটি
বোয়াল মাছের মতো গিলে খায় না।
যে মানুষ
জীবন ঘষে
জীবনের আলো জ্বালিয়ে
নিভু নিভু জীবনের প্রান্তকূলে
আলোর নির্ঝর বইয়ে দেয়।
যে মানুষ
অন্দরে অন্তরে
ভালোবাসা ও ন্যায়ের
ইশতেহার রচনা করে,
আর প্রান্তরে প্রান্তরে প্রান্তরে
তা ফেরি করে।
তারপর
অন্ধ গলির অন্ধ দানবের
দুর্বিনীত চিৎকার-ফুঁৎকার
উড়িয়ে দিয়ে
মাটির জঠরে
নতুন দিনের সোনালি বীজ বুনে।
আসে নবান্ন,
আসে অরণ্যের পেলব শরীরে
মায়াবী বরেণ্য পণ্য।