কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুন ২১, ২০২৬, ০২:৩৯ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জনবল সংকটের মধ্যেও মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৬ সালের ৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম জানান, থানায় জনবল তুলনামূলক কম থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক কয়েকটি অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক, মাদক বিক্রির নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক মাদক কারবারি ও অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওসি রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সীমিত জনবল নিয়েও তিনি যে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা প্রশংসার দাবিদার।
ওসি রফিকুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত কটিয়াদী গড়তে আমরা কাজ করে যাচ্ছি। জনসাধারণের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর এমন আন্তরিক প্রচেষ্টা ও পেশাদারিত্ব স্থানীয় জনগণের মাঝে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।
এম জি