বিনোদন প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২২, ০১:৫৮ এএম
শাহীন ইসলাম, বাংলাদেশ পুলিশের ফুল ব্রাইট স্কলার একজন পুলিশ কর্মকর্তা। ময়মনসিংহের কোতোয়ালি সার্কেলের এডিশনাল এসপি তিনি। তবে ছোটবেলা থেকেই তার গানের প্রতি রয়েছে অদম্য ভালোবাসা। কিশোরগঞ্জের সন্তান শাহীন কিশোরগঞ্জেরই ওস্তাদ সুজিদ চন্দ্রের কাছে বহু বছর তালিম নিয়েছেন।
মূলত বাবা-মায়ের আগ্রহের কারণেই তার গান শেখা। তার নিজেরও গানের প্রতি রয়েছে প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসা। যে কারণে আজ থেকে এক যুগ আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীও হয়েছেন। কিন্তু পড়াশোনার জন্য ঢাকায় এসে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে গানের চর্চাটা একটু কমে যায়।
এরই মধ্যে আমেরিকা থেকে মাস্টার্স শেষ করে দেশে ফিরেই তিনি এডিশনাল এসপি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশে। নিজের প্রিয় হারমোনিয়ামটা তার নিত্যসঙ্গী হলেও ব্যস্ততার কারণে কখনো কখনো তাতেও হাত রাখা হয় না। কিন্তু তার আবেগ, ভালোবাসা গানকে ঘিরে। যে কারণে এরই মধ্যে তিনি তার নিজের জীবনের প্রথম মৌলিক গানও প্রকাশ করেছেন।
গানের শিরোনাম ‘এ কোন স্বপন এঁকে দিলে’। গানের কথা লিখেছেন মো. কামরুল হাসান, সুর করেছেন দীপক কুমার দে এবং সংগীতায়োজন করেছেন রুম্মন হায়াত। গানটি সংগীতার ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। শাহীন ইসলাম বলেন, ‘এ কোন স্বপন এঁকে দিলে আমার প্রথম মৌলিক গান।
তাই এই গানের প্রতি পরম ভালো লাগা, আবেগ কাজ করে আমার। আমেরিকা সরকারের স্কলারশিপ নিয়ে সদ্য মাস্টার্স শেষ করে দেশে ফিরে পেশাগত কাজে যোগ দিয়েছি। গানের প্রতি আমার অনেক ভালোবাসা। কিন্তু এখন ব্যস্ততার জন্য প্রিয় হারমোনিয়ামেও হাত দেয়ার সময় পাই না।
কারণ পেশাগত কারণেই রাষ্ট্রের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে।তা যথাযথভাবে পালন করার চেষ্টা করি। ঢাকায় আসার পর তালিম বন্ধ হলেও নিয়মিত রেওয়াজ করতাম। আমার প্রথম মৌলিক গানটি প্রকাশিত হয়েছে। কেউ কেউ বেশ অনুপ্রেরণা দিচ্ছেন, এটা ভালোলাগছে।’