বিনোদন প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২২, ০১:২১ এএম
একটি বেসরকারি ব্যাংক আয়োজিত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে গানে প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ আয়োজনের নাম ‘এসো মিলি সুরে সুরে’। এ প্রতিযোগিতার বিচারকের ভূমিকায় ছিলেন দিলশাদ নাহার কণা। এরই মধ্যে ৩০ জন থেকে ১০ জন, ১০ জন থেকে সেরা তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র পুরস্কার দেয়া হয়েছে।
কণা জানান, এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শিশির সূত্রধর, দ্বিতীয় দাউদ আজাদ এবং তৃতীয় হয়েছেন জান্নাতুল মাওয়া। ‘এসো মিলি সুরে সুরে’ একই ব্যাংকের কর্মকর্তার মধ্যে আয়োজিত এ প্রতিযোগিতা এর আগেও বেশ কয়েকবার সম্পন্ন হয়েছে।
এমন একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় থাকা প্রসঙ্গে দিলশাদ নাহার কণা বলেন, ‘এর আগে আরটিভির একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করেছিলাম। তবে এবার একটু অন্যরকম অভিজ্ঞতাই হলো। কারণ আমার সঙ্গে শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু ভাই ও পার্থ মজুমদার দাদাও ছিলেন।
যেহেতু এটি একটি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতা, তাই প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছেন খুব বেশি গভীরভাবে বিচার করার সুযোগ ছিল না। যারা মোটামুটি ভালো গাইতে পেরেছেন, সুরে তালে রাখার চেষ্টা করেছেন, তাদেরকেই আমরা সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন, তারা নিঃসন্দেহে সবার মধ্যে ভালো করেছেন। তাদের জন্য শুভকামনা রইল।’
এদিকে কণা নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত এখন। চলতি মাসেই আরও চার-পাঁচটি শো রয়েছে কণার। আগামী মাসের জন্যও এরই মধ্যে বেশ কয়েকটি দিনের জন্য তিনি স্টেজ শোকে বুকড হয়ে আছেন। কণা জানান, শোর মৌসুমে শোতে থাকতে পারাটাও একজন শিল্পীর জন্য আশীর্বাদের। কণার সংগীত জীবনের প্রাপ্তি হিসেবে এরই মধ্যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গান গেয়ে তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। এদিকে এরই মধ্যে কণা তৃতীয়বারের মতো সাধক হালিম বয়াতির গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তুমি মুচকি মুচকি হাসো, কাছে এসে বসো’। গানটির সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ।