বিনোদন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬, ০২:৩৩ পিএম
তামিল টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সান টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কায়াল’-এ অভিনয় করে তিনি দর্শকদের কাছে বেশ পরিচিতি লাভ করেছিলেন।
শ্রীলঙ্কার বাসিন্দা সুভাষিনী অভিনয় জগতে ক্যারিয়ার গড়তে চেন্নাইয়ে পাড়ি জমিয়েছিলেন। শুরুতে অনেক সংগ্রাম করলেও নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুতই তামিল নাট্যজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তাঁর সাবলীল অভিনয় ও চরিত্রের গভীরতা দর্শকদের মুগ্ধ করত।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের আইয়াপ্পানথাঙ্গাল এলাকার বাসায় সুভাষিনীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও ঘটনার নেপথ্যে পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল। মৃত্যুর আগে ভিডিও কলে স্বামীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় এবং এরপর থেকেই তিনি চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সুভাষিনীর অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নেমেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করছেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। তাঁর এই বিয়োগান্ত বিদায় তামিল বিনোদন অঙ্গনের জন্য এক বড় অপূরণীয় ক্ষতি।
জেএইচআর