বিনোদন ডেস্ক
মে ৮, ২০২৬, ০৪:০৮ পিএম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বারাকপুরের সাবেক বিধায়ক ও জনপ্রিয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তী।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
রাজনীতি থেকে রাজ চক্রবর্তীর সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত টালিউড এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন পরিচালক ও নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। নাম উল্লেখ না করলেও রাজকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে হেরে গেলেই কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? তিনি আরও মন্তব্য করেন যে, এদের কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না?
সৌরভ পালোধি আরও উল্লেখ করেন যে, রাজনীতি কেবল ক্ষমতায় থাকার বিষয় নয়, বরং এটি রাজপথের লড়াই এবং আদর্শের বিষয়। জয়-পরাজয় যাই হোক না কেন, তিনি নিজের রাজনৈতিক আদর্শে অবিচল থাকবেন বলেও জানান।
২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজ চক্রবর্তী। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বিজেপির উত্থানের ফলে বারাকপুর আসন থেকে রাজ পরাজিত হন। নির্বাচনের ফলাফল প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তার রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্তকে অনেকেই ‘পরাজয় মেনে নিতে না পারা’ হিসেবে দেখছেন।
টালিউডের এই প্রভাবশালী নির্মাতার হঠাৎ প্রস্থানে সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সৌরভের সমালোচনার বিষয়ে রাজ চক্রবর্তীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেএইচআর