আন্তর্জাতিক ডেস্ক
মে ৭, ২০২৬, ১২:২৯ এএম
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম (WAM) জানিয়েছে, নেতানিয়াহুর পক্ষ থেকেই এই কলটি করা হয়।
ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক অস্থিরতা এবং বিশেষ করে ইরানি হামলার প্রেক্ষাপটে আমিরাতের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, তারা এই ধরনের হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। একই দিনে আমিরাত প্রেসিডেন্ট বিশ্বের আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে নেতারা আমিরাতের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানান। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও উভয় নেতা গুরুত্বারোপ করেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত 'আব্রাহাম অ্যাকর্ডস'-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ের উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতিতে দুই নেতার এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
জেএইচআর