আমার সংবাদ ডেস্ক
জুন ১৮, ২০২৬, ০২:৩১ পিএম
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে তদন্ত সংস্থা ১২৭তম বারের মতো সময় পেল।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা তা জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেয় এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না আসায় একাধিকবার সময় বাড়ানো হয়। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানিতে আদালত আরও ছয় মাস সময় দেয় এবং ২২ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করে। তবে সেই সময়েও প্রতিবেদন জমা না পড়ায় আরও সময় বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
এম জি